আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু অস্ট্রেলিয়ার
ছবি: সংগৃহীত
০৭:৪২ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। চোট পেয়ে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। তবে উদ্বোধনী ম্যাচ জিততে সমস্যা হয়নি।
আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে বিশ্বকাপ অভিয়ান শুরু করেছে তারা।কুঁচকিতে বল লাগায় বুধবারই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে মার্শের ছিটকে যাওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। তার জায়গায় এদিন অধিনায়কত্ব করেন ট্রাভিস হেড। শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াা ৬ উইকেটে সংগ্রহ করে ১৮২ রান।
মার্শের জায়গায় ওপেনিংয়ে নামেন জশ ইংলিস। ১৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ২৯ বলে সর্বোচ্চ ৪৫ রান আসে মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে। তাতে ছিল ২টি চার ও ১টি ছক্কা। এছাড়া ৩৩ বলে ৩৭ রান করেন ম্যাট রেনশ। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার মার্ক অ্যাডেয়ার। চার ওভারে ৪৪ রান খরচায় নেন ২ উইকেট।

জবাবে কখনও মনে হয়নি আয়ারল্যান্ড হুমকি হয়ে দাঁড়াতে পারে। ব্যাটিংয়ে কার্যকর জুটি গড়তে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে গেছে।
অধিনায়ক পল স্টার্লিং প্রথম দিকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ায় বিপদে পড়ে শুরুতেই। সর্বোচ্চ ২৯ বলে ৪১ রান করেন জর্জ ডকরেল। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন লরকান টাকার।
অজিদের হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পাই আইরিশ ব্যাটিংয়ের সর্বনাশ করেছেন। ১২ রানে ৪টি উইকেট নেন এলিস। পাওয়ার প্লেতে তার কারণেই ২৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় আইরিশরা। ম্যাচসেরাও তিনি। ২৩ রানে ৪টি নেন অ্যাডাম জাম্পা।
এসএস/টিএ