শরীয়তপুরে ৭ লাখ ২০ হাজার টাকাসহ জামায়াতকর্মী আটক, ২ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
০৮:২৮ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
শরীয়তপুরের নড়িয়ায় সাত লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে কয়েকজন প্রবেশ করেন- এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি)। পরে বাড়িটি তল্লাশি করে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, খালি কিছু খাম এবং অর্থ বিতরণ সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের মধ্যে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একাধিক অভিযোগ আসে যে, একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে জামায়াতের কিছু কর্মী বিভিন্ন এলাকায় টাকা বিতরণ করছেন। পাশাপাশি একটি বাসায় নাশকতার পরিকল্পনা হচ্ছে- এমন তথ্যও পাওয়া যায়।
তিনি বলেন, এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে একটি ঘরে তল্লাশি চালিয়ে নগদ ৭ লাখ প্লাস টাকা, একটি ল্যাপটপ, খালি খাম এবং অর্থ বিতরণ সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া যায়। পরে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাচাই-বাছাই করে একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এসকে/এসএন