© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ৯

শেয়ার করুন:
জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। আহতদের  জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ ভোটকেন্দ্রের দ্বিতীয় গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার তিনটি গাড়ি নিয়ে জয়পুরহাট সরকারি কলেজ ভোটকেন্দ্রের দ্বিতীয় গেটে আসেন। স্বতন্ত্র প্রার্থী তার কর্মীদের নিয়ে গাড়ি থেকে নামেন। এ সময় সেখানে বিএনপির কয়েকজন কর্মী তাদের কেন্দ্রে যেতে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে সাবেকুন নাহার তার কর্মীদের নিয়ে সেখান থেকে চলে গেলে দুইজন যেতে পারেননি। ওই দুইজনকে সেখানে পেটানো হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।

 সংঘর্ষের ঘটনায় আহত ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- রোমান (৩৯), আলী হামজা (২৩), তামজিদ (১৯), তৌফিক (২৬), আব্দুল্লাহ (২৬), রাজীব (৪০), আল-আমিন (৩০), সোহাগ (২৪) ও রোহান (২৬)। 

সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিকরা জয়পুরহাট জেনারেল হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গেলে সেখানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, হাসপাতাল চত্বরে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার সাংবাদিকদের আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার সময় তার কর্মীরা উপস্থিত সাংবাদিকদের ধাক্কা দেন ও লাঞ্ছিত করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সাবেকুন নাহার হাসপাতালের ভেতরে অবস্থান নেন।

প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য। যৌথ বাহিনীর সদস্যরা সাবেকুন নাহারকে কঠোর নিরাপত্তায় সেখান থেকে বের করে নিয়ে আসেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় তাকে জয়পুরহাট থানায় নেওয়া হয়।

এ বিষয়ে ওসি আনিছুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সাথে বিএনপি কর্মীর মধ্যে সংঘর্ষে হওয়ার ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

ওসি বলেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বিষয়টি আমাদের জানালে তাকে সেখান থেকে থানায় নেওয়া হয়েছে।

এমআই/এসএন

মন্তব্য করুন