নির্বাচনের আগের দিন গোপালগঞ্জে ২ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
০৮:৪১ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
গোপালগঞ্জে দুইটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় অবস্থিত শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে ও টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এসময় আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, রাত সাড়ে সাতটার দিকে কে বা কারা সদর উপজেলা নিলারমাঠ এলাকায় সড়কের উপরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এসকে/এসএন