© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনের আগের রাতে বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার

শেয়ার করুন:
নির্বাচনের আগের রাতে বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাত পোহালেই ভোট। ঠিক এমন সময় পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক মো. আতাহার শিকদার এবং কেশবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদ মুন্সী ও সিনিয়র সহসভাপতি মো. আফজাল হোসেন সিকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শহিদুল আলম তালুকদারের বিপক্ষে অবস্থান নিয়ে তারা জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন চেয়ে প্রচারে অংশ নিচ্ছেন।

পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে।

দলীয় নীতিমালা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ গণমাধ্যমকে বলেন- দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে প্রথম অব্যাহতি পরে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে।

এবি/টিএ


মন্তব্য করুন