চাঁদাবাজির অভিযোগ তুলে মধ্যরাতে তোপের মুখে সারজিস
ছবি: সংগৃহীত
০৫:১৬ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৌর শাখার সদস্য সচিব আমিনুর রহমান নিলুর কাছে চাঁদাবাজি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তুলে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার পর ওই নেতার বাড়িতে গেলে ভোটকে ঘিরে টাকার বস্তা থাকার অভিযোগ তুলে স্থানীয়রা তোপের মুখে ফেলেন সারজিসকে।
এদিকে খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এর মাঝে সারজিস নিজের অবস্থানের কথা উল্লেখ করে চাঁদাবাজির অভিযোগ তুলেন। একই সাথে প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় সাংবাদিকদের সারজিস বলেন, এনসিপির পঞ্চগড় পৌর শাখার সদস্য সচিব আমিনুর রহমান নিলু চাঁদাবাজির স্বীকার হয়েছেন। প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দিচ্ছি।
চাঁদাবাজির সব প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু কিছু পেজ ও আইডি থেকে আপনারা যে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তা সময়ের সাথে সাক্ষী হয়ে থাকবে। এভাবে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে ধীরে ধীরে ফ্যাসিস্ট তৈরি হয়। কোনো দিন আপনাদের কাছ থেকে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ চাই না। মেইনস্ট্রিম মিডিয়াকে সত্যটা ক্যারি করা উচিত।
একই সাথে সারজিস আরো বলেন, নির্বাচন সুষ্ঠু না হইলে এবং আবার স্বৈরাচার তৈরি হইলে কারো পিঠের চামড়া থাকবে না।
টিজে/টিএ