জিতলে সহযোগিতা, হারলে সমর্থকের সঙ্গে থাকব : হাবিবুর রশিদ
ছবি: সংগৃহীত
১০:৩৭ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর মাদারটেক ডা. আজিজ ইসলাম অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। পুরুষ ভোটারদের সারিতে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বুথের কাছাকাছি এসে তিনি নিজের অনুভূতি ব্যক্ত করেন।
হাবিবুর রশিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো বোধ করছি। দীর্ঘ প্রায় দেড় যুগ পর আমরা আমাদের ভোটাধিকার ফিরে পাচ্ছি। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা ও আনন্দ রয়েছে। অনেকদিন পর মানুষ মনে করছে এই রাষ্ট্রের মালিক তারা।’
নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এই এলাকায় বেড়ে উঠেছি। আমি চাই ঢাকা-৯ একটি উন্নয়নমুখী, গণতান্ত্রিক, মানবিক ও নিরাপদ আসন হোক।’ ভোটারদের ব্যাপক অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি এটিকে গণতন্ত্রের জন্য শুভ সূচনা হিসেবে দেখছেন।
আসনের অন্যান্য প্রার্থীদের প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমি বিজয়ী হলে তাদের নিয়ে কাজ করবো, তারা জিতলে তাদের কাছে যাবো। কারণ আমি এ এলাকার সন্তান, এ এলাকার ঘরের ছেলে।
তিনি আরও বলেন, আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে এলাকার উন্নয়ন। এই এলাকার মানুষের নিরাপত্তা। সুতরাং এলাকার উন্নয়নে যে কাজ করবে, যে বিজয়ী হবে আমরা তার কাছে তাকে নিয়ে ঐক্যবদ্ধ। আমি সবাইকে সহযোদ্ধা মনে করি। যে বিজয়ী হবে, তাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমার কাছে সবচেয়ে বড় বিষয় এই এলাকার উন্নয়ন ও মানুষের নিরাপত্তা।
প্রায় ৪ লাখ ৬৯ হাজারের বেশি ভোটার নিয়ে বড় এই আসনে সকাল থেকেই কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানান তিনি।
ভোটের ফলাফল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, ভোটের লড়াই জনগণই নির্ধারণ করবে। ভোট না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিজে কিছু বলতে চাই না।
এমকে/টিকে