© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নরসিংদীতে একসঙ্গে একই কেন্দ্রে ভোট দিলেন ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

শেয়ার করুন:
নরসিংদীতে একসঙ্গে একই কেন্দ্রে ভোট দিলেন ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৪ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
নরসিংদী-১ (সদর) আসনের নির্বাচনী পরিবেশে দেখা গেছে এক ভিন্ন চিত্র। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী একই কেন্দ্রে ভোট দিতে এসে সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও হাস্যরসে মেতে ওঠেন, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার রাজাদি উচ্চ বিদ্যালয় মাঠে এই দৃশ্য দেখা যায়। সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার একই কেন্দ্রে নিজেদের ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর তারা একসঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এই চিত্র সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

মাঠে অবস্থানকালে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হালকা খুনশুটিতে মেতে ওঠেন। এ সময় এক প্রার্থীকে অন্য প্রার্থীকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আমরা গণ-অভ্যুত্থানের পক্ষের লোক,’-যা উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।

ভোটাররা বলছেন, এমন ইতিবাচক পরিবেশ নির্বাচনকে আরো উৎসবমুখর করে তোলে। তাদের মতে, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রার্থীদের মধ্যে সৌজন্য বজায় থাকা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে। মাঠে উপস্থিত ভোটাররাও বিষয়টি স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেন এবং অনেকেই এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক।

নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যস্ততার মধ্যেও প্রার্থীদের এমন বন্ধুসুলভ উপস্থিতি এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। ভোটাররা আশা করছেন, নির্বাচন যতই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক না কেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে শেষ পর্যন্ত।


আরআই/টিকে

মন্তব্য করুন