ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করলেন নির্মাতা আশফাক নিপুন
ছবি: সংগৃহীত
১২:৩৪ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাররা কেন্দ্রমুখী হচ্ছেন, গড়ে উঠছে দীর্ঘ লাইন। নতুন সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারাও ভোট দিয়ে জানাচ্ছেন নিজেদের অনুভূতি ও প্রত্যাশা।
দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুনও সকাল সকাল ভোটকেন্দ্রে হাজির হন। ভোট দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেন তিনি। ক্যাপশনে লেখেন, ভোট দেয়া সম্পন্ন। সকাল ৭টা ৩০ মিনিটে এখানে এসেছিলাম এবং দীর্ঘ লাইনের কারণে সকাল ৮টা ১০ মিনিটে আমার পালা আসে। মনোরম আবহাওয়া, উৎসাহী ভোটার এবং আন্তরিক কর্মকর্তারা এর অংশ হতে পেরে সত্যিই ভালো লাগছে। সবাই ভোট দিন। দীর্ঘজীবী হোক বাংলাদেশ।

ভিডিও বার্তায় আশফাক নিপুন জানান, সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে পৌঁছালেও দীর্ঘ লাইনের কারণে ভোট দিতে সময় লাগে প্রায় ৪০ মিনিট। তবে আবহাওয়া ছিল স্বস্তিদায়ক, ভোটারদের উপস্থিতি ছিল উৎসাহী এবং দায়িত্বরত কর্মকর্তাদের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। ভিডিও বার্তাতেও তিনি সবাইকে ভোট দিতে উৎসাহ জানান। তিনি বলেন, ভোট দেয়া শেষ। সকাল-সকাল ভোট দিতে চলে আসছি। দারুণ পরিবেশ। অনেক মানুষ আসছে লম্বা লাইন। তিনি আরও বলেন, ভেতরে কয়েক দফা যাচাই-বাছাই করা হয় তাই ভেজালের সম্ভবনা নেই। ভোট দিতে চলে আসুন। তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক।
আশফাক নিপুন দেশের জনপ্রিয় নির্মাতা, যার নির্মাণে সমাজ-বাস্তবতার নানা দিক উঠে আসে। ব্যক্তিজীবনেও তিনি প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত। ন্যায্য দাবিতে সবসময় সোচ্চার এই নির্মাতা চলতি বছরে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন এবং শিক্ষার্থীদের সমর্থনে রাজপথেও নেমেছিলেন। ভোট দিয়ে তিনি যে বার্তা দিলেন, তা একটাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিন, দেশকে ভালোবাসুন।
পিআর/টিকে