ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগে নারী আনসার সদস্য প্রত্যাহার
ছবি: সংগৃহীত
০১:৩১ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
গাইবান্ধায় ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগে নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই নারী সদস্যের নাম শরিফা বেগম। তিনি পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।
কেন্দ্রে থাকা স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশ্যে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত আনসার সদস্য দ্রুত কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মগোপন করেন।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মো. আরিফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে ভোটগ্রহণ চলছে।
কেএন/টিকে