© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-১৩ আসনে বেলা গড়াতেই বাড়ছে ভোটার উপস্থিতি

শেয়ার করুন:
ঢাকা-১৩ আসনে বেলা গড়াতেই বাড়ছে ভোটার উপস্থিতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল থেকেই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা-১৩ আসনে সকালের তুলনায় দুপুরের দিকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। কিছু কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনও দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই নির্বাচনি আসন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে। তবে সকালের তুলনায় দুপুরের দিকে ভোটার উপস্থিতি এখন বেশি। 
পিসিকালচার হাউজিং পাবলিক হাউজিং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রাজিবুল ইসলাম বলেন, ৫৪ নম্বর মহিলা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২০৯ জন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪২৮টি, যা মোট ভোটের প্রায় ১৩ দশমিক ৩৪ শতাংশ। 

অন্যদিকে ৫৩ নম্বর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৭০ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৫৫০টি, যা প্রায় ২২ শতাংশ। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. রোকনুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চিলড্রেনস একাডেমির ৫১ নম্বর কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৮৩ জন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৫৮৮টি, যা শতকরা ১৮ দশমিক ৪৭ শতাংশ। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরান হাসান জানান, ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সরেজমিনে আরও দেখা যায়, সকালে কেন্দ্রগুলোর সামনে ভোটার উপস্থিতি থাকলেও দুপুরের দিকে চাপ বাড়তে থাকে। সকালের তুলনায় দুপুরে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।

কেএন/টিকে

মন্তব্য করুন