ভোটের ফলাফল যাই হোক আমরা মেনে নেব: ইশরাক
ছবি: সংগৃহীত
০২:৩২ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নির্বাচনে ভোটের ফলাফল যাই হোক মেনে নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেয়া শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, ভোটের ফলাফল যাই হোক অবশ্যই আমরা মেনে নেব। আমরা শুরু থেকেই বলে আসছি যে, একটা নির্বাচনে জয়-পরাজয় দুটোই থাকবে এবং আমাদেরকে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে সেটিকে মেনে নেয়ার একটা মানসিকতা থাকতে হবে।
তিনি বলেন, এটা যখন থাকে না তখনই কিন্তু দেখা যায় যে প্রার্থীরা মরিয়া হয়ে ওঠে এবং ভোট কেন্দ্র দখলসহ নানা ধরনের ভোট কারচুপির আশ্রয় নেয়ার চেষ্টা করে। এটা করা উচিত নয়। একবার ভোটে যদি কেউ পরাজিত হয়, পরেরবার সুযোগ রয়েছে। আমরা অবশ্যই একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল, অর্থাৎ জনগণের রায় মাথা পেতে মেনে নেব ইনশাআল্লাহ।
ভোটের পরিবেশ নিয়ে ইশরাক হোসেন বলেন, মোটামুটি পরিবেশ ভালোই রয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা গতকাল রাত থেকে ঘটেছে। যেমন আমরা শুনেছি যে, জামায়াত এবং শিবিরের লোকজন সূত্রাপুরের জুবলি স্কুল নামে একটা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করে। তার আগে আমরা দেখেছি যে, সূত্রাপুরের জামাতের নায়েবে আমির সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে ঘুষ প্রদানকালে আটক হয় এবং তাকে দুই দিনের জেল দেয়া হয়।
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, আমার কথা হলো যে, যারা নিজেদেরকে এত সহিহ, এত সাধু, এত সুফি এবং পরিষ্কার বলে দাবি করে আসছে, তারা ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদেরকে হাতে-নাতে ঘুষ দিতে গিয়ে ধরা পড়ে; এদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে এবং জনগণ এদেরকে চিনে ফেলেছে। আমি মনে করি, আজকে সারা বাংলাদেশেই ধানের শীষের পক্ষে বিপুল ভোটে জয় লাভ করিয়ে জনগণ আমাদেরকে ভোট দিবে এটা আমি বিশ্বাস করি।
নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০২৪-এর যে রক্তাক্ত গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে বহু মানুষ জীবন দিয়েছে। সেটি যদি সফল করতে হয়, তাহলে অবশ্যই সবার উচিত হবে ভোট কেন্দ্রে আসা এবং তাদের ভোটটি দেয়া এবং নিশ্চিত করা যে তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করেছেন। এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই কিন্তু আগামী দিনে যে সরকার আসবে, তাদেরকে একটা জবাবদিহিতামূলক সরকার হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারব এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যে এত মানুষ শহীদ হয়েছে, সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারব।
জামায়াতের সমালোচনা করে তিনি আরও বলেন, সারা বাংলাদেশে গতকাল খবর দেখেছেন। যেহেতু বিকাশে এখন টাকা পাঠানো যাচ্ছিল না, তাই বিভিন্ন জায়গায় তারা হাতে-নাতে নগদ টাকা নিয়ে ধরা পড়েছে। এমনকি ঠাকুরগাঁও জেলা জামাতের নায়েবে আমির প্রায় কোটির কাছাকাছি অর্থ নিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছে। এই অর্থগুলো কোত্থেকে আসলো সেটাও একটা প্রশ্ন। তারা যে ব্যাংক দখল করেছে, সেই ব্যাংক থেকে কি সেই টাকাগুলো নিয়ে আসছে?
এসএস/টিএ