আমরা জয়ের ব্যাপারে কনফিডেন্ট: তারেক রহমান
ছবি: সংগৃহীত
০২:৩৩ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আলহামদুলিল্লাহ জয়ের ব্যাপারে কনফিডেন্ট। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়। এরই মধ্যে গতকাল রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতে দেখেছি, কিছু রাজনৈতিক দল বা তাদের সদস্যদের দ্বারা।
তিনি বলেন, আমরা আশা করছি যে আইনশৃঙ্খলা বাহিনী গত রাতেও চেষ্টা করেছেন, আজও তারা সেই চেষ্টা অব্যাহত রাখবেন, যাতে জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থায় তাদের ভোট প্রদান করতে পারেন। কারণ গত এক যুগেরও বেশি সময় ধরে মানুষ এ অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা আছে।
জয়ের প্রসঙ্গে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ কনফিডেন্ট। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।
আসন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এতটা আসন প্রত্যাশা করছি, যেখানে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব। আমরা যেসব দল একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, আমরা সকলকে নিয়ে একসঙ্গে দেশ পরিচালনা করব।
তিনি বলেন, এ দেশের মালিক হলো জনগণ। আমরা বিশ্বাস করি, মানুষ যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোটার সংখ্যা যত বাড়বে, তাহলে সকল দলের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে।
ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ফল গণনায় দেরি হওয়ার কোনো কারণ নেই। দেশের জনগণ যারা ভোট দিচ্ছেন, তারা ভোটের ফল দ্রুতই চাইবেন। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে, যাতে দেশের মানুষ তাদের ভোট প্রদানের ফল দ্রুতই পান।
আরআই/টিকে