ঝালকাঠিতে ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঝালকাঠি জেলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জেলায় মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ। ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট গণনার কাজ শুরু হয়।
প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে গণনা চলছে।
অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন জানান, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলার দুইটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যার মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন।
ঝালকাঠি-১ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯০টি। যার মধ্যে রাজাপুরে ৫০টি ও কাঁঠালিয়াতে ৪০টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন।
যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, মহিলা ভোটার ১ লাখ ১২ হাজার ১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন।
ঝালকাঠি-২ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪৭টি। যার মধ্যে সদরে ৭৭টি ও নলছিটিতে ৭০টি। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন।
সূত্র : বাসস
এমআর/টিএ