ফের হাড়হিম অডিও বার্তায় রোহিত-রণবীরকে প্রাণনাশের হুমকি
ছবি: সংগৃহীত
০২:৫১ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে যেন ফের নয়ের দশকের ছায়া নেমে এসেছে। ঝলমলে আলোর আড়ালে হঠাৎই ঘনিয়ে উঠেছে অজানা আতঙ্কের অন্ধকার। পরিচালক রোহিত শেঠি এবং অভিনেতা রণবীর সিং দু’জনের কাছেই এক সকালে পৌঁছল হাড়হিম করা এক অডিও বার্তা। যেখানে এক ব্যক্তি নিজেকে ‘হ্যারি বক্সার’ পরিচয় দিয়ে সরাসরি প্রাণনাশের হুমকি ছুড়ে দেয়। সেই কণ্ঠে ছিল ঠান্ডা নিশ্চয়তা, ভয়ংকর সতর্কবার্তা আর শিউরে ওঠার মতো ভাষা “এমন হাল করব, সাত জন্ম মনে রাখবি।” মুহূর্তেই সেই বার্তা ছড়িয়ে পড়ে বিনোদন মহলে, আতঙ্ক ছায়া ফেলে তারকাপাড়ায়।
ঘটনার সূত্রপাত অবশ্য নতুন নয়। এর আগেও রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে এসেছিল, যার দায় স্বীকার করেছিল কুখ্যাত এক গোষ্ঠী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রণবীর সিংয়ের ফোনে আসে নতুন হুমকি। এবার সেই একই সুরে ফের আঘাত। অডিও বার্তায় শুধু তারকাদের নয়, তাঁদের সহকর্মী ও পরিবারের গতিবিধি নিয়েও ভয়ংকর ইঙ্গিত দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, কে কখন কোথায় যায়, কার সঙ্গে দেখা করে সবই নাকি তাদের নখদর্পণে। সরাসরি তারকাদের বদলে তাঁদের আশপাশের মানুষদের লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

পুলিশি তদন্তে উঠে এসেছে, এই ‘হ্যারি বক্সার’ নামের আড়ালে রয়েছে হরি চাঁদ নামে এক গ্যাংস্টার, যার সঙ্গে বিষ্ণোই গোষ্ঠীর দীর্ঘদিনের যোগাযোগের অভিযোগ রয়েছে। বিদেশে বসে ভার্চুয়াল উপায়ে বার্তা পাঠিয়ে আতঙ্ক ছড়ানোই নাকি তার পুরনো কৌশল। আগেও একাধিকবার একইভাবে হুমকি ছড়ানোর নজির রয়েছে তার বিরুদ্ধে। তদন্তকারীরা ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় থাকলেও নতুন হুমকি এসে যেন সন্দেহকে আরও ঘনীভূত করেছে।
বলিউডের অলিগলিতে এখন একটাই আলোচনা ঝলমলে পর্দার আড়ালে ফের কি অশান্ত সময়ের প্রত্যাবর্তন? তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দাউদের সময়ের সেই অন্ধকার অধ্যায়ের স্মৃতি আবার যেন ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে, আর তার মাঝখানে ভয়ের ছায়া দীর্ঘতর হচ্ছে প্রতিটি নতুন সকালের সঙ্গে।
পিআর/টিএ