এশিয়া কাপ আয়োজনে বদ্ধ পরিকর বিসিবি
ছবি: সংগৃহীত
০৮:২৯ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৫ এশিয়া কাপ ভারতে হওয়ার কথা থাকলেও নিরপেক্ষ ভেন্যু বিবেচনায় তা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ২০২৭ সালে এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টের আয়োজন সফলভাবে করতে বদ্ধ পরিকর বিসিবি।
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা এক বছর পিছিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবছরও ভারত সফর করতে আসবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে ভারত আসবে, এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল।
২০২৭ এশিয়া কাপ সফলভাবে আয়োজন করতে হলে ভারতকেও আনতে হবে বাংলাদেশে। সম্প্রতি বিডিক্রিকটাইমের মুখোমুখি হয়ে এই ব্যাপারে বিসিবি প্রধান বুলবুল বলেছেন, ‘এশিয়া কাপ ২০২৭ সালে হোস্ট করছি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব (ভারতকে আনার)। এর আগে এই বছর আগস্টে (ভারতের সাথে) দ্বিপাক্ষিক সিরিজ আছে আমাদের, তখনই বোঝা যাবে।’

ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেছেন, ‘আমরা অবশ্যই আশাবাদী।’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। সেদিন সকালে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনা। এখনও পর্যন্ত ভারতেই আছেন তিনি। মাঝের সময়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছিল, যার প্রভাব পড়েছে মাঠের ক্রিকেটে। ২০২৫ সালের বাংলাদেশ সফর পিছিয়ে দেয় বিসিসিআই। এছাড়া বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের একের পর এক প্রোপাগান্ডাও বাংলাদেশের প্রতি ভারতীয়দের বিরূপ মনোভাবের বড় কারণ।
চলতি বছরের আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। দেখা যাক, সেই সিরিজ মাঠে গড়ায় কিনা।
এসকে/এসএন