কুয়েটে ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই : কেন্দ্রীয় সংসদ
ছবি: সংগৃহীত
০৩:০৮ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েট ছাত্রদলের নাম ব্যবহার করে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনবিরোধী অথবা শৃঙ্খলাভঙ্গমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তার দায় সম্পূর্ণভাবে ওই ব্যক্তিদের নিজস্ব। এসব অপতৎপরতার সঙ্গে ছাত্রদলের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই বলেও পরিষ্কার জানানো হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, সংগঠনের নাম ভাঙিয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ক্যাম্পাসে ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থেই কেন্দ্রীয় সংসদ এই জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।
ইউটি/টিএ