© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের নেতৃত্বে সাজবে নতুন বাংলাদেশ : মাহমুদ খৈয়ম

শেয়ার করুন:
তারেক রহমানের নেতৃত্বে সাজবে নতুন বাংলাদেশ : মাহমুদ খৈয়ম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনী বিজয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। জাতীয়তাবাদের মূল্যবোধ আমাদের রক্তে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রজ্বলিত আলোকবর্তিকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিকশিত হয়েছে এবং বর্তমানে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তৈরি হয়েছে। সেই কারণে আজ মানুষ আমাদের জাতীয়তাবাদী দলের সমস্ত প্রার্থীকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো বিভাজন বা উগ্র ধর্মীয় শক্তি মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। আমাদের এই বিজয় প্রমাণ করেছে, বাংলাদেশের মানুষ সবাইকে সঙ্গে নিয়ে বসবাসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন এক সকাল, নতুন এক বাংলাদেশ উপহার দেব।

এই সময় উপস্থিত ছিলেন- নেতাকর্মী, সমর্থক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ফুল দিয়ে জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের এ বিজয় শুধুমাত্র তার ব্যক্তিগত নয়, বরং রাজবাড়ীর মানুষের ঐতিহ্য, একতার মূল্যবোধ ও গণতান্ত্রিক চিন্তার জয় হিসেবেও বিবেচিত হচ্ছে।

এবি/টিএ

মন্তব্য করুন