তারেক রহমানকে সারজিস আলমের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
০৬:৩৪ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপি নেতাকর্মীর বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক প্রার্থীর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
জাতীয় নাগরিক প্রার্থীর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মধ্যরাতে এক বিশেষ লাইভে এসে অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা আটোয়ারী উপজেলার রাখালাদেবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এনসিপির ওয়ার্ড সেক্রেটারির বাড়িতে মিছিল নিয়ে গিয়ে হামলা চালায়।
এ ঘটনার পরপরই সারজিস আলম কর্মীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং পথিমধ্যে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘরে হামলা হচ্ছে। নেতাকর্মীদের হামলা করার আগে আমাদের ওপর হামলা করতে হবে। গুঞ্জরমারিতে আসছি।”
তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে যা খুশি তাই করছে। “একটি জোটে গেছি বলেই কি মারধর বৈধ হয়ে গেছে? তাহলে এদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। বিএনপি আবার একটি নব্য স্বৈরাচার হিসেবে পরিচিত হতে চাচ্ছে।” তিনি সকলকে এ ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রয়োজনে মাঠে নামার হুঁশিয়ারি দেন।
গত রাত থেকে আজ পর্যন্ত ৩০ বেশি জায়গায় পঞ্চগড়ে হামলা হয়। সেই সাথে তেতুলিয়ায় নারী শক্তি এক নেত্রীকে মারধর করে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন সারজিস আলম।
প্রশাসনের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি দাবি করেন, এনসিপি ও ১১ দলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা একসময় জুলুম-নির্যাতনের শিকার হয়েছিল, তারা এখন নতুন করে জালেম হয়ে উঠছে। নির্যাতন বন্ধ করতে না পারলে আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতি হবে আপনাদের।” মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দিয়ে ‘ভয়ের রাজত্ব কায়েমকারীদের নিয়ন্ত্রণ করার আহ্বানও জানান তিনি।
শেষে সারজিস আলম বলেন, “এ জীবন থাকতে কোনো নিরপরাধ ব্যক্তি একটি দল করে, একটি মার্কায় ভোট দিয়েছে বলে জুলুমের শিকার হতে দেব না, রক্ত ঝরতে দেব না—এটাই আমাদের ওয়াদা।”
ইউটি/টিএ