২২ গজ ছেড়ে এবার ১০ম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসছেন বৈভব সূর্যবংশী
ছবি: সংগৃহীত
০২:০৯ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
কয়েকদিন আগেই যুব বিশ্বকাপ জিতেছে ভারত। যেখানে ব্যাট হাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ভারতের কিশোর ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী। মাঠের সাফল্যের পর এবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছেন এই ১৪ বছর বয়সি এই ব্যাটার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিহারের সমস্তীপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নীল কিশোর। প্রতিবেদনে জানানো হয়েছে, বৈভব ইতোমধ্যে পরীক্ষার প্রবেশপত্র পেয়েছেন এবং ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নেবেন তিনি। তবে তারকা ক্রিকেটার হওয়া সত্ত্বেও কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন স্কুল কর্তৃপক্ষ।
অধ্যক্ষের ভাষায়, এটি একাডেমিক মাঠ, ক্রিকেট মাঠ নয় সব শিক্ষার্থীর জন্য নিয়ম একই থাকবে। গত ৬ ফেব্রুয়ারি হারারেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব, যেখানে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা।

এই ইনিংসটি টুর্নামেন্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়ে। পুরো আসরে সাত ম্যাচে ৪৩৯ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি, গড় ৬২.৭১ এবং স্ট্রাইক রেট ছিল ১৬৯.৪৯।
শুধু বিশ্বকাপ নয়, বয়সভিত্তিক ক্রিকেটেও ইতোমধ্যে একাধিক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি, যেখানে ২৫ ইনিংসে করেছেন ১,৪১২ রান। টুর্নামেন্টে ৩০টি ছক্কা হাঁকিয়ে আগের রেকর্ডও ভেঙে দিয়েছেন বৈভব।
২০২৪ সালের শেষ দিক থেকেই আলোচনায় উঠে আসেন বৈভব সূর্যবংশী। যুব টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করে ভারতের দ্রুততম অনূর্ধ্ব-১৯ শতকের কীর্তি গড়েন।
এরপর আইপিএলের ২০২৫ মৌসুমে রাজস্থান রয়্যালস তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে ভেড়ায়, যা তাকে ইতিহাসের সর্বকনিষ্ঠ আইপিএল ক্রিকেটারে পরিণত করে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মাত্র ১৪ বছর বয়সেই টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে নতুন ইতিহাস লেখেন তিনি।
এসএস/টিএ