ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় প্রাণ গেল ১ জনের
ছবি: সংগৃহীত
০৪:৫৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
রাশিয়া ইউক্রেনের ওডেসা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক নারী নিহত হয়েছে বলে দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর আজ শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন।
গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে এক পোস্টে জানান, উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালাও ভেঙে গেছে।
আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন উত্তর-পূর্বে অবস্থিত জাপোরিঝিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪১টি বসতিতে ৬৫৫টি হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন ও ইউরোপীয় নেতারা মিউনিখে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।
সম্মেলনে ইউক্রেনের যুদ্ধের সমাধান এবং সমর্থন বৃদ্ধি, বিশেষ করে সামরিক সাহায্য নিয়ে আলোচনা হচ্ছে।
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার সঙ্গে আলোচনার অবস্থা নিয়ে আলোচনা করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিউনিখে অবস্থান করছেন পাশাপাশি একাধিক মিত্রদের সাথে বৈঠকও করছেন। আজ শনিবার বৈঠকে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
তবে কোনো রুশ কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
সূত্র : এএফপি
এমআর/টিএ