তারেক রহমানকে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের শুভেচ্ছা
ছবি: সংগৃহীত
০৭:২৫ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মাওলানা হারিছুল হক এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের আপামর জনতার আকুন্ঠ সমর্থনে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন। এর জন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
তারা আরও বলেন, দীর্ঘদিন যাবত বাংলাদেশের মানুষ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন। অবশেষে তিনি বাংলাদেশে আগমন করে এদেশের মানুষের মন জয় করেছেন এবং বাংলাদেশের মানুষ অপ্রতুল ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে তাকে সম্মানে অধিষ্ঠিত করেছেন। আমরা আশা করব তিনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে দেশটাকে উন্নয়ন এবং মানবতার চরম শিখরে পৌঁছে দেন। তিনি যেমন বাংলাদেশে প্রত্যাবর্তন করে তার কার্যক্রম এবং মানবিক আচরণ দিয়ে মানুষের মন জয় করেছেন তেমনিভাবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে দেশটাকে যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সচেষ্ট থাকেন।
বিবৃতিতে বলা হয়, অনেকদিন যাবত আমাদের এ মাতৃভূমি নেতৃত্ব শূন্যতায় ভুগছে। সঠিক নেতৃত্বের অভাবে বাংলাদেশ ভুল পথে পরিচালিত হয়ে আসছে। আমরা তারেক রহমানকে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ইসলামী মূল্যবোধ বজায় রেখে বিশ্ব দরবারে বাংলাদেশের মান মর্যাদা সমুন্নত করার আহ্বান জানাই। এদেশের আলেম-ওলামা তৌহিদী জনতা ব্যাপকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দান করেছেন, তিনি এটার মূল্য বজায় রাখবেন বলে আমরা আশা করি।
এদেশের ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশে ইসলাম এবং শরীয়তবিরোধী কোনো আইন বা বিধি-বিধান না করার জন্য আমরা তারেক রহমানের কাছে আন্তরিকভাবে দাবি জানাচ্ছি।
আইকে/টিএ