© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেষ্টা করব যেন আব্বার মতো সৎ হয়ে থাকতে পারি : হুম্মাম কাদের

শেয়ার করুন:
চেষ্টা করব যেন আব্বার মতো সৎ হয়ে থাকতে পারি : হুম্মাম কাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেছেন হুম্মাম কাদের চৌধুরী বলেন, চেষ্টা করব যেন আব্বার মতো সৎ হয়ে থাকতে পারি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিজয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অঙ্গীকার করেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ১৭ বছর পরে আমরা একটি সুন্দর নির্বাচন পেয়েছি। এটা আমার জীবনের প্রথম নির্বাচন। এতদিন বাবার জন্য ক্যাম্পেইন করেছি, এবার আমার পরিবার আমার জন্য কাজ করেছে-এটা একটু অদ্ভুত অনুভূতি, তবে খুব ভালো লাগছে। গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে।

তার বাবা প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী-এর রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করে হুম্মাম বলেন, রাঙ্গুনিয়ার সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। বাবা বহু বছর এখানে কাজ করেছেন। সেই ভালোবাসার জায়গা থেকেই মানুষ আমাদের পাশে থেকেছে।

মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এটাই হবে আমার প্রথম উদ্যোগ। মিডিয়া বড় ভূমিকা রাখতে পারে-সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছানো আপনাদের দায়িত্ব। আশা করি সবাই সহযোগিতা করবেন। বিপুল ভোটে জয়ের কারণ হিসেবে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, জয়-হার বড় বিষয় ছিল না, ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য। আমার সহধর্মিনী, মা ও বোন অনেক পরিশ্রম করেছেন।

চট্টগ্রামে বিএনপির বড় জয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিজয় শুধু আমার ব্যক্তিগত নয়, এটা দলের বিজয়। এটা তারেক রহমান সাহেবের বিজয়, খালেদা জিয়া-র বিজয়, জিয়াউর রহমান সাহেবের বিজয়। মানুষ এমন একটি দলকে ফিরে পেয়েছে, যারা মাঠে ছিল, মানুষের পাশে ছিল।

সংসদে রাঙ্গুনিয়া ও দেশের স্বার্থে কথা বলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি চেষ্টা করছি সৎ মানুষ হতে। দোয়া করবেন, যেন কথা দেওয়া ওয়াদাগুলো পূরণ করতে পারি এবং রাঙ্গুনিয়াবাসীর জন্য কাজ করতে পারি।

রাঙ্গুনিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এত ভালোবাসা ও সম্মান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

এমআর/এসএন

মন্তব্য করুন