যারা ধানের শীষের জয় চায়নি তাদের দল থেকে অব্যাহতি দিতে হবে: মজিবুর রহমান
ছবি: সংগৃহীত
০৮:৫৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় গাজীপুর-১ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মজিবুর রহমান বলেছেন, ‘যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে বাধা সৃষ্টি করেছে, যারা ধানের শীষকে পরাজিত করতে প্রতিপক্ষের সাথে হাত মিলিয়েছে, যারা পরাজিত প্রার্থির কাছ থেকে টাকা নিয়ে ধানের শীষের বিপক্ষে ভোট চেয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। তাদের দল থেকে বহিষ্কার করতে হবে।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে ধানের শিষের পক্ষে ক্যাম্পিং করতে ভোট চাইতে একাধিকবার ডাকা হয়েছে কিন্তু তিনি আসেননি।
পরাজিত প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে তিনি ধানের শীষকে পরাজিত করতে চেয়েছিলেন। এর আগে আওয়ামী লীগ দিয়ে উপজেলা বিএনপির কমিটি বানিয়েছিলেন তিনি। সিনিয়র নেতাদের হয়রানি করেছেন নানাভাবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদককে রাতের আঁধারে পুলিশ দিয়ে ধরে নিয়ে গিয়ে জেল খাটিয়েছেন।
তখন ঐক্যের স্বার্থে আমরা কিছু বলিনি।’ তারেক জিয়া প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করার আগেই ইশরাক সিদ্দিকীকে দল থেকে অব্যাহতির দাবি জানান তিনি।
পরে নেতাকর্মীরা গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্মসম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শামছুল আলম সরকার এবং উপজেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকে/টিএ