ছাত্রদল নেতাদের টেকনোক্র্যাট হিসেবে চান প্রিন্স মাহমুদ
ছবি: সংগৃহীত
০৯:০০ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনয়ন পেয়েছেন তিনি। প্রায়ই নানা বিষয় নিয়ে ফেসবুকে সরব থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ছাত্রদলের ত্যাগ-তিতিক্ষা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ লেখেন, ছাত্রদলের ত্যাগ-তিতিক্ষা তিনি নিজ চোখে দেখেছেন। কেবল জুলাই মাসের কোনো নির্দিষ্ট ঘটনার কথা নয়, বরং বিগত কয়েক বছর ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে কারা সামনে ছিলেন, সেটিও তার দেখা।
তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা অনেক নতুন-পুরনো নেতাকর্মী এখনো অবমূল্যায়িত রয়ে গেছেন।

তিনি প্রশ্ন তোলেন, ছাত্রদলের কর্মীরা সামনে থেকে আন্দোলন-সংগ্রাম করলেও তাদের সমবয়সী কিংবা আরও কম বয়সিরা যদি সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পান, তাহলে যারা দীর্ঘদিন মাঠে ছিলেন তাদের কেমন লাগবে? এই প্রসঙ্গে তিনি ইঙ্গিত করেন রাজনৈতিক মূল্যায়ন ও প্রতিনিধিত্বের প্রসঙ্গে।
প্রিন্স মাহমুদ আরও উল্লেখ করেন, ছাত্রদলের ত্যাগ-তিতিক্ষা যথাযথভাবে সম্মানিত হওয়া উচিত। তার মতে, উচ্চকক্ষ বা টেকনোক্র্যাট কোটায় উপমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হিসেবে ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা যেতে পারে। এটুকুই তার প্রত্যাশা বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, ‘ছাত্রদলের ত্যাগ-তিতিক্ষা কোন পর্যায়ের নিজ চোখে দেখেছি। কেবল জুলাই-ই নয় বিগত কয়েক বছর ধরে কারা সামনে ছিলো সবই দেখা। ছাত্র দলের নতুন পুরনো ছেলেদের সামনে ওদের সমবয়সীরা বা কম বয়সী বাচ্চারা সংসদে যাবে। ওদের কেমন লাগবে? উচ্চ-কক্ষ বা ট্যাকনোক্রেটে উপমন্ত্রী/প্রতিমন্ত্রী হিসেবে ছাত্রদলের ত্যাগ-তিতিক্ষা সম্মানিত ও মূল্যায়িত হোক। এই টুকু চাই.....’
সংগীতাঙ্গনের পরিচিত এই ব্যক্তিত্বের এমন রাজনৈতিক মন্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্নমতও জানিয়েছেন।
উল্লেখ্য, প্রিন্স মাহমুদ দীর্ঘদিন ধরে দেশের সংগীতাঙ্গনে সফলতার সঙ্গে কাজ করে আসছেন। তবে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে তার এ ধরনের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এমআর/এসএন