চাঁদাবাজদের পুলিশে ধরিয়ে দিলে পুরস্কার: লুৎফুর রহমান কাজল
ছবি: সংগৃহীত
০৯:১১ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল চাঁদাবাজদের পুলিশে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'আমার নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে পুলিশকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, সাহসিকতার জন্য পুরস্কার দেয়া হবে।'
লুৎফুর রহমান কাজল আরও বলেন, সংসদ সদস্য হিসেবে প্রথম ও প্রধান লক্ষ্য হলো একটি নিরাপদ, মানবিক ও অসাম্প্রদায়িক কক্সবাজার গড়ে তোলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা। কক্সবাজারের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত-যেমন মৎস্য ও লবণ শিল্পের স্বার্থ সংরক্ষণ ও বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কক্সবাজারকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ১৮২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে কাজল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শহিদুল আলম বাহাদুরকে ২৮ হাজার ৪১৩ ভোটে পরাজিত করেন।
প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে দ্বিতীয়বারের মতো জয়ী হওয়া (প্রথমবার ২০০৮) লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪০৭ ভোট, অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে কাজলসহ সারাদেশে জয়ী সংসদ সদস্যের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এমআই/টিএ