টটেনহ্যামের নতুন কোচ হলেন ইগর টুডোর
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সাড়ে তিন মাস পর আবার ডাগআউটে ফিরছেন ইগর টুডোর। টটেনহ্যাম হটস্পারের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রোয়াট ডিফেন্ডার।
টানা ব্যর্থতার জেরে গত বুধবার কোচ টমাস ফ্রাঙ্ককে ছাঁটাই করে দেয় টটেনহ্যাম। এর তিন দিনের মাথায় শনিবার টুডোরকে মৌসুমের বাকি সময়ের জন্য নিয়োগ দিল ইংলিশ ক্লাবটি।

গালাতাসারাই ও মার্সেইসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাবকে কোচিং করিয়েছেন টুডোর। সবশেষ ইউভেন্তুসের কোচ ছিলেন তিনি, যদিও সেখানে তার সময়টা আশানুরূপ কাটেনি। ব্যর্থতার দায়ে ইতালিয়ান ক্লাবটিতে গত অক্টোবরের শেষ সপ্তাহে বরখাস্ত হন তিনি।
এরপর পেলেন নতুন এই দায়িত্ব। এখানে অবশ্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে।
চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় উঠলেও, প্রিমিয়ার লিগে ধুঁকছে টটেনহ্যাম। লিগে এই বছরে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি দলটি।
প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে মাত্র সাতটিতে জয়ী টটেনহ্যাম ২৯ পয়েন্ট নিয়ে আছে ১৬ নম্বরে।
এমআর/টিএ