এবার মাঠে নামতে প্রস্তুত রিয়াল ডিফেন্ডার রুডিগার
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
চোটের ছোবলে জর্জরিত রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ একটু একটু করে শক্তি ফিরে পাচ্ছে। মাঠে নামতে ‘প্রস্তুত’ হয়ে উঠেছেন আন্টোনিও রুডিগার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, হাঁটুর চোট কাটিয়ে ফেরা এই ডিফেন্ডার আসছে ম্যাচে কয়েক মিনিটের জন্য হলেও খেলবেন।
লা লিগায় শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
গতবারের মতো এবারও মৌসুমের শুরু থেকে চোটের আঘাতে ভীষণ ভুগতে হচ্ছে স্পেনের সফলতম দলটিকে। বেশি ভুগতে হচ্ছে রক্ষণে। দানি কারভাহাল, আন্টোনিও রুডিগার, ফেরলঁদ মঁদি, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডদের বেশিরভাগ সময়ই পায়নি রিয়াল।

প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর, গত সপ্তাহে ভালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ইংলিশ ফুলব্যাক অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। আর গত মাসে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়া ডিফেন্ডার রুডিগারের এবার মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে।
গণমাধ্যমের খবর, সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে কিছু সময়ের জন্য হলেও খেলবেন এই জার্মান সেন্টার-ব্যাক। সবকিছু পরিকল্পনা মতো এগোলে, আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফে বেনফিকার বিপক্ষে শুরু থেকে খেলবেন তিনি।
এমআর/টিএ