© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০, আটক ২

শেয়ার করুন:
নাটোরে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০, আটক ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৩ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
নাটোরের লালপুরে নির্বাচনী বিষয় নিয়ে বিরোধের জেরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুজনকে আটক করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওয়ালিয়া বাজারে নির্বাচনী আলাপচারিতার একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের সঙ্গে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের কর্মীদের কথা-কাটাকাটি হয়। এর জেরে টিপুর সমর্থকেরা পুতুলের দুই কর্মীকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে বিএনপির শতাধিক সমর্থক ঘটনাস্থলে জড়ো হন এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী টিপুর অন্তত আটজন সমর্থক আহত হন। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা টিপুর দুই সমর্থককে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ দুজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, নির্বাচনী বিষয় নিয়ে কথা-কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। প্রথমে পুতুল গ্রুপের দুই সমর্থককে মারধর করা হয়, যার জেরে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করা দুজনকে আটক করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিজে/টিএ

মন্তব্য করুন