ফের রেখার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্কের গুঞ্জন তুঙ্গে!
ছবি: সংগৃহীত
০৯:৫০ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের পুরোনো গুঞ্জন আবারও নতুন করে আলোচনার কেন্দ্রে। বহু বছর আগের এক সম্পর্কের জল্পনা, যা একসময় চলচ্চিত্রপাড়ায় ঝড় তুলেছিল, সেটিই ফের ফিরে এসেছে শিরোনামে। অভিনেত্রী রেখা এবং অভিনেতা অক্ষয় কুমারকে ঘিরে সেই সময়কার কানাঘুষা আবারও সোশ্যাল মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। তবে এই গল্পের কেন্দ্রে রয়েছেন আর এক তারকা, রাভিনা ট্যান্ডন, যাঁর বহু পুরোনো এক সাক্ষাৎকারের মন্তব্যই এখন নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢালছে।
নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত খিলাড়িয়ো কা খিলাড়ি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রেখা ও অক্ষয়। ছবির শুটিং ঘিরেই তখন সম্পর্কের নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই সময় অক্ষয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন রাভিনা ট্যান্ডন। তিনি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, রেখার সঙ্গে অক্ষয়ের কোনও প্রেমের সম্পর্ক ছিল না, বরং অক্ষয় নাকি অভিনেত্রীর থেকে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করতেন। তাঁর ভাষ্যে, ছবির প্রয়োজনেই কেবল সহনশীলতা দেখিয়েছিলেন অক্ষয়, ব্যক্তিগতভাবে এই ঘনিষ্ঠতা তাঁকে অস্বস্তিতে ফেলেছিল।

রাভিনা ট্যান্ডন সেই মন্তব্যে আরও এক ঝাঁজালো দিক ছিল বয়সের প্রসঙ্গ। তিনি প্রশ্ন তুলেছিলেন, কম বয়সি একজন পুরুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা রাখা কতটা যুক্তিযুক্ত। তাঁর দাবি ছিল, রেখা অত্যন্ত মিষ্টি স্বভাবের মানুষ হলেও, কোথায় থামতে হয় সে বোধ থাকা জরুরি। এমনকি তিনি এ কথাও উল্লেখ করেছিলেন, রেখা নাকি কখনও কখনও অক্ষয়ের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন, যা পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তুলেছিল।
তবে এই সমস্ত জল্পনা-কল্পনার মাঝেও রেখা কিংবা অক্ষয় কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। সময়ের স্রোতে বদলেছে সম্পর্কের সমীকরণও। রবীনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০১ সালে অক্ষয় বিয়ে করেন টুইঙ্কল খান্নাকে। অথচ বহু বছর পেরিয়েও পুরোনো সেই সাক্ষাৎকারের শব্দগুলো যেন আবারও নতুন আলো ফেলছে বলিউডের অতীতের এক অধ্যায়ে, যেখানে বাস্তব আর গুঞ্জনের সীমারেখা আজও পুরোপুরি স্পষ্ট নয়।
পিআর/এসএন