ওটিটি-তে নতুন রূপে কৌশানী ও সানি লিওনি!
ছবি: সংগৃহীত
১১:২২ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের জন্য রঙিন সময় শুরু হতে যাচ্ছে। আগামী কয়েক দিনে নতুন ছবি ও সিরিজ় মুক্তি পেতে চলেছে, যা ভিন্ন ভিন্ন ঘরানার প্রতিচ্ছবি বয়ে আনবে। বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ-এর বহু প্রতীক্ষীত ছবি ‘কেনেডি’ অবশেষে মুক্তি পাচ্ছে। ছবিটি ২০২৩ সালে তৈরি হলেও বিভিন্ন কারণে প্রদর্শনে বাধা ছিল। ২০ ফেব্রুয়ারি জি ফাইভ-এ দর্শকরা এটি উপভোগ করতে পারবেন। এতে অভিনয় করেছেন রাহুল ভট্ট, সানি লিওনি, মেঘা বর্মন এবং করিশ্মা মোদী।

ওটিটি দর্শকদের জন্য আরও এক চমক হলো ‘আদালত ও একটি মেয়ে’ সিরিজ়। এতে বাসবদত্তা চট্টোপাধ্যায় এক উকিলের ভূমিকায় অভিনয় করছেন। প্রথমবারের মতো এই ওটিটি সিরিজ়ে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়-কে, যিনি এক কর্পোরেট কর্মীর চরিত্রে অভিনয় করেছেন। সিরিজ়টি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় এবং ২০ ফেব্রুয়ারি হইচই-তে মুক্তি পাবে।

অন্তর্জাতিক মিশনের কাহিনি নিয়ে ‘দ্য নাইট এজেন্ট’ সিরিজ়ের তৃতীয় সিজ়নও ১৯ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে দর্শকের জন্য আসছে। পিটার সাদারল্যান্ড এবং তরুণ এজেন্টের রহস্যময় ঘটনা ঘিরে তৃতীয় সিজ়নে উত্তেজনা দেখা যাবে।
রোমাঞ্চ ও রহস্যের সমন্বয় ঘটেছে ‘৫৬ ডেজ়’ সিরিজ়ে। সিয়ারা ও অলিভারের গল্পে শুরু হয় প্রেম, পরে হত্যার রহস্য প্রকাশ পায়। সিরিজ়টি ১৮ ফেব্রুয়ারি আমাজ়ন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে।
ইতিহাসের কাহিনি ঘিরে নির্মিত ‘দ্য সুইডিশ কানেকশন’ ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইডিশ আমলার দ্বারা ইহুদিদের জীবন রক্ষা করার গল্প উঠে এসেছে। ছবিটি ১৯ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে।
পিআর/এসএন