‘ব্রহ্মাস্ত্র’ নেই পাকিস্তানের, অনায়াসে জিতবে ভারত: সঞ্জয় মাঞ্জরেকার
ছবি: সংগৃহীত
১২:০৮ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ভারত ও পাকিস্তান ম্যাচকে ঘিরে যে উত্তেজনার রেণু ছড়ায়, তা সাম্প্রতিক সময়ে দুই দলের মাঠের খেলায় দেখা যাচ্ছে না। একতরফা ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে জিততে দেখা গেছে ভারতকে। এবারো তেমন কিছুই প্রত্যাশা করছেন ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। তার মতে, এখন ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই দেখতে পাওয়া যায় না।
টি-টোয়েন্টিতে দুই দলের ১৬ ম্যাচের মধ্যে ১৩টি জিতেছে ভারত। গত এশিয়া কাপে তিনবারের সাক্ষাতে প্রত্যেকবার হেরেছে পাকিস্তান। আর এই সংস্করণের বিশ্বকাপে তাদের ৮ বার দেখা হয়েছে, ভারত জিতেছে সাতবার। পাকিস্তান কি এবার সেই ব্যর্থতা কাটাতে পারবে?

রাজনৈতিক বৈরিতার কারণে দুই দলের ম্যাচের আগে উত্তেজনার আঁচ টের পাওয়া যায়, এবার সেটা একটু বেশি। কারণ শুরুতে এই ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান, পরে তারা সিদ্ধান্ত থেকে সরে আসে। যুদ্ধের দামামা বাজিয়ে দুই দল মুখোমুখি হচ্ছে কলম্বোতে। এই ম্যাচে কার ভাগ্য সুপ্রসন্ন হবে, সেটা নিজের মতামত দিয়ে জানালেন মাঞ্জরেকার।
ভারতের সাবেক ব্যাটার তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আলাপচারিতায় বলেছেন, ‘ঠিক, ভারত-পাকিস্তান ম্যাচ, কী প্রত্যাশা করা যায়? গত কয়েক বছর ধরে বলা কথাই বলছি। ভারতের উচিত পাকিস্তানকে হারানো। আজকাল ভারত ও পাকিস্তানের মধ্যকার খেলায় লড়াইয়ের চেয়ে একতরফা ম্যাচ বেশি হয়েছে।’
তবে ম্যাচে লড়াই করার মতো পরিস্থিতি যেন পাকিস্তান তৈরি করতে পারে, সেই ব্যাপারে কৌশল বাতলে দিলেন মাঞ্জরেকার, ‘কিন্তু আমি একটি জিনিস দেখার অপেক্ষায় আছি, যদি কোনো চমকপ্রদ বা অপ্রত্যাশিত ফল হয়, সেটা আসতে পারে যদি ভারতের বিপক্ষে পাকিস্তান স্পিন দিয়ে আক্রমণ করে। তাদের স্কোয়াডে ৬ জন স্পিনিং বিকল্প আছে এবং তারা যদি সঠিক একাদশ বাছতে পারে, তাদের হাতে পাঁচ স্পিনিং বিকল্প থাকলে সেটা দিয়ে তারা ভারতের ওপর চেপে বসতে পারবে, শাহিন আফ্রিদি কিংবা নাসিম শাহ নয়।’
এই ম্যাচের আগে সবার নজর উসমান তারিকের দিকে। ভিন্নধর্মী বোলিং অ্যাকশনের কারণে তাকে নিয়ে একটু চিন্তিত ভারত। নিজেদের শেষ ম্যাচে তারা নামিবিয়ার স্পিনারদের বিপক্ষে ধুঁকেছিল।
মাঞ্জরেকার তাই পাকিস্তানের স্পিন অস্ত্র শাণিয়ে নিতে বললেন, ‘স্পিন দিয়ে তাদের উচিত ভারতকে আক্রমণ করা কারণ সাম্প্রতিক সময়ে স্পিনের বিপক্ষে তাদের হালকা নড়বড়ে মনে হয়েছে। ভারতের বিপক্ষে সম্ভবত পাকিস্তানে এটাই একমাত্র অস্ত্র, কিন্তু সেটাও ছোট অস্ত্র, বহ্মাস্ত্রের মতো কিছু নয়।’
ব্রহ্মাস্ত্র হলো হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা ব্রহ্মার সৃষ্ট সবচেয়ে ধ্বংসাত্মক, শক্তিশালী ও অপ্রতিরোধ্য মহাকাশীয় অস্ত্র। এটি মূলত একটি জ্বলন্ত অস্ত্র যা মহাবিশ্ব ও সৃষ্টিকে ধ্বংস করতে সক্ষম।
আরআই/এসএন