© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালী-১ আসনে পুনঃনির্বাচনের দাবিতে হাতপাখার প্রার্থীর সংবাদ সম্মেলন

শেয়ার করুন:
নোয়াখালী-১ আসনে পুনঃনির্বাচনের দাবিতে হাতপাখার প্রার্থীর সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৭ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে পুনরায় নির্বাচন দাবি করেছেন হাতপাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম (সিআইপি)।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এ প্রার্থী অভিযোগ করেন, ভোটের আগের রাতে নিজ নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে গেলে তিনি হামলার শিকার হন। এ সময় তার কর্মী-সমর্থকদের ওপরও হামলা চালানো হয়। এসব ঘটনা প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
 
তিনি আরও জানান, তার ভাগিনার ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ছিনতাই করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও মামলা গ্রহণ কিংবা মালামাল উদ্ধারে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এর আগেও নির্বাচনী প্রচারণার সময় তার বোনদের ওপর হামলা এবং প্রচারণায় বাধা দেয়ার ঘটনা ঘটে। তবে এসব ঘটনার ক্ষেত্রেও কোনো সুরাহা হয়নি। 
 
তিনি বলেন, ভোটগ্রহণের দিন বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করে ভোটদানে বাধা দেয়া, জাল ভোট প্রদান, কেন্দ্র দখল এবং ফলাফল প্রভাবিত করার মতো একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে।

ভোটের দিন প্রশাসনের কার্যকর তৎপরতা ছিল না, ফলে অনেক ভোটার তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি।
 
জহিরুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। আমরা দীর্ঘ ৫৪ বছরের অপরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু তার প্রতিফলন দেখা যায়নি। আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তাই এসব অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে।
 
তিনি সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং ভোটারদের অধিকার রক্ষায় গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
 
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।


আরআই/ এসএন

মন্তব্য করুন