© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিনেসোটায় আইসিই’র অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা ওবামার

শেয়ার করুন:
মিনেসোটায় আইসিই’র অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা ওবামার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৭ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মিনেসোটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সাম্প্রতিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ফেডারেল এজেন্টদের কিছু আচরণ ‘স্বৈরাচারী রাষ্ট্রের’ কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

শনিবার রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এসব মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ফেডারেল সরকারের কিছু এজেন্টের ‘নিয়ন্ত্রণহীন আচরণ’ উদ্বেগজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তার ভাষায়, অতীতে এমন ধরনের আচরণ কর্তৃত্ববাদী দেশগুলোতেই দেখা গেছে।

ডনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, মিনেসোটায় কয়েক সপ্তাহ ধরে চালানো অভিযানে হাজারো ফেডারেল এজেন্ট অংশ নেন এবং তা ছিল অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত বিশেষ অভিযান। তবে এই অভিযানের সময় দুটি প্রাণঘাতী গুলির ঘটনা ঘটে, যা ব্যাপক বিক্ষোভ ও জাতীয় পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করে। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের সীমান্তবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোমান বৃহস্পতিবার অভিযান সমাপ্তির ঘোষণা দেন।

ওবামা বলেন, তিনি বিশেষভাবে আশাবাদী হয়েছেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখে। তার মতে, সংগঠিত ও শান্তিপূর্ণ উপায়ে নাগরিকরা প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন, ‘এটি সেই আমেরিকা নয়, যেটিতে আমরা বিশ্বাস করি।’ তীব্র শীতের মধ্যেও সাধারণ মানুষের ধারাবাহিক ও শান্তিপূর্ণ অবস্থান গণতন্ত্রের শক্তির প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে ওবামা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ও দায়িত্ববোধের ঘাটতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি বিতর্কিত পোস্টেরও সমালোচনা করেন, যেখানে তাকে ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছিল।

ওবামা বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ প্রতিবাদই যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে শক্তিশালী রাখবে।

আরআই/ এসএন

মন্তব্য করুন