© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা

শেয়ার করুন:
এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সাম্প্রতিক এক পডকাস্টে এলিয়েন বা ভিনগ্রহবাসীর অস্তিত্বে নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘তারা (এলিয়েন) বাস্তব’।

রয়া নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার প্রকাশিত এক পডকাস্টে ওবামা এলিয়েন নিয়ে মন্তব্য করেন।
 
ওবামার এই বক্তব্য মার্কিন রাজনৈতিক অঙ্গনে ভিনগ্রহ ও অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে চলমান আলোচনাকে আরও উসকে দিয়েছে। তবে বারাক ওবামা স্পষ্ট করেই জানান, তার কাছে ব্যক্তিগতভাবে এ বিষয়ে কোনো প্রমাণ নেই বা তিনি এলিয়েন দেখেননি।
 
পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেন-এর সঙ্গে সাক্ষাৎকারে দ্রুত প্রশ্নোত্তর পর্বে ওবামাকে সরাসরি জিজ্ঞেস করা হয়, এলিয়েন বাস্তব কি না।
 
জবাবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তারা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি এবং তাদের এরিয়া ৫১ (নেভাদায় অবস্থিত ‘গোপন বিমানঘাঁটি’) এ রাখা হয়নি। কোনো ভূগর্ভস্থ স্থাপনাও নেই, যদি না সেখানে বিশাল কোনো ষড়যন্ত্র থাকে।” 
  
প্রতিবেদন অনুসারে, আলাপচারিতাটি ছিল হালকা মেজাজের। ওবামা রসিকতা করে বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, ‘এলিয়েনগুলো কোথায়?’
 
পডকাস্টে রাজনৈতিক কৌশল, ভোটার সক্রিয়করণ থেকে শুরু করে নেতৃত্ব নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার মতো বিভিন্ন বিষয় উঠে আসে।
 
ওবামা জোর দিয়ে বলেন, মহাবিশ্বের বিশালতার কথা বিবেচনায় পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনায় তিনি বিশ্বাস করেন। তবে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে এ বিষয়ে কোনো প্রমাণ তিনি পাননি।
 
এটি এলিয়েন ভিনগ্রহ প্রসঙ্গে ওবামার প্রথম মন্তব্য নয়। এর আগেও এসব বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি।
 
সূত্র: রয়া নিউজ

এমআই/টিকে

মন্তব্য করুন