© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আতলেতিকোয় বিধ্বস্ত হওয়ার প্রতিক্রিয়া জিরোনা ম্যাচে দেখতে চান বার্সা কোচ ফ্লিক

শেয়ার করুন:
আতলেতিকোয় বিধ্বস্ত হওয়ার প্রতিক্রিয়া জিরোনা ম্যাচে দেখতে চান বার্সা কোচ ফ্লিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ম্যাচটি এখনও পিছু ছাড়েনি বার্সেলোনার! জিরোনা ম্যাচের আগেও ঘুরেফিরে আসছে ওই হারের প্রসঙ্গ। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও ওয়ান্দা মেত্রোপলিতানোর ওই ভরাডুবির স্মৃতি টেনে জানালেন জিরোনা ম্যাচে দলের কাছে তার প্রত্যাশা।

লা লিগায় সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে ফিরতে জয় দরকার তাদের।

ম্যাচটি বার্সেলোনার জন্য ছন্দে ফেরার উপলক্ষও। তিন দিন আগে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকোর মাঠে ৪-০ গোলে খড়কুঁটোর মতো উড়ে গিয়েছিল ফ্লিকের দল।

সবশেষ ম্যাচের বিবর্ণতা ঝেড়ে, ভুল থেকে শিক্ষা নিয়ে জিরোনার বিপক্ষে জ্বলে ওঠার দিকেই এখন মনোযোগ বার্সেলোনা কোচের।

“জিরোনা গোছাল, সাহসী দল, যারা রক্ষণ (নিচ) থেকে ভালো খেলে। আমাদের খেলায় তীব্র তাড়না থাকতে হবে। আমরা বৃহস্পতিবার হেরেছি এবং এটা আমাদের জন্য একটা শিক্ষা ছিল; কিন্তু জীবন এগিয়ে যাবে। আমাদের হার মেনে নিতে হবে এবং আত্মবিশ্বাসী থাকতে হবে। ওই ধাক্কা (আতলেতিকো ম্যাচের হার) কাটিয়ে ওঠার সামর্থ্য আমাদের আছে।”



“আপনি হারতেই পারেন, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ওই হারের পর আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন। আমি দলের কাছ থেকে আগামীকাল সেটাই দেখতে চাই।”

গুরুত্বপূর্ণ এই ম্যাচে মার্কাস র‍্যাশফোর্ডকে পাওয়ার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছেন ফ্লিক। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার খেলার সম্ভাবনা জোরাল বলেই জানিয়েছেন এই জার্মান কোচ।

“যদিও র‍্যাশফোর্ডের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, কিন্তু তাকে পাওয়া যাবে না। তবে, রাফিনিয়া খেলতে পারে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এটা আমি এই প্রথম বলছি না। যে ম্যাচগুলোতে রাফিনিয়া খেলেনি, আমরা তাকে মিস করেছি। কেননা, সে দলের খেলার মান ও (আক্রমণের) তীব্রতা বাড়ায়।”

লিগ টেবিলে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রেয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা দ্বিতীয় স্থানে আছে ৫৮ পয়েন্ট নিয়ে।

এমআর/টিএ 

মন্তব্য করুন