যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে ইরান জয়ী হবে: তালেবান মুখপাত্র
ছবি: সংগৃহীত
০১:১৫ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো সংঘাত হলে ইরান শেষ পর্যন্ত জয়ী হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) কাবুলভিত্তিক আরিয়ানা নিউজের প্রতিবেদন মতে, ইরান রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের ইসলামিক আমিরাত যুদ্ধ সমর্থন করে না। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত হলে ইরানের জয় হবে।
তিনি বলেন, অতীতেও ইরান আক্রমণের মুখে শেষ পর্যন্ত সফল হয়েছে এবং নিজেদের সক্ষমতা ও আত্মরক্ষার বৈধ অধিকার থাকার কারণে ভবিষ্যতেও তারা শক্ত অবস্থানে থাকবে।
মুজাহিদ আরও জানান, যদি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়, তাহলে আফগান জনগণ নিজেদের সামর্থ্য অনুযায়ী ইরানের জনগণের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত থাকবে। সম্ভাব্য সংঘাতের পরিণতি মোকাবিলায় তারা পাশে দাঁড়াতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। তবে এর মধ্যেই ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলে জানা গেছে। মার্কিন সেনাবাহিনী ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জবাবে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কোনো হামলা হলে তারা পাল্টা জবাব দেবে এবং প্রয়োজনে অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এসকে/টিএ