সুপার এইটে যেতে অস্ট্রেলিয়ার সামনে কঠিন সমীকরণ
ছবি: সংগৃহীত
০৯:০৫ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের জয় ‘বি’ গ্রুপ উন্মুক্ত করে দিয়েছে। চার দলেরই সুযোগ আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার। শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করার জন্য কী করতে হবে প্রত্যেক দলকে, দেখে নেওয়া যাক
অস্ট্রেলিয়া
ম্যাচ: ২, পয়েন্ট: ২, নেট রান রেট: ১.১০০; ম্যাচ বাকি: বনাম শ্রীলঙ্কা, ওমান।
জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরে বিদায়ের ঝুঁকিতে অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ জিতলেও নেট রান রেটের হিসাবে যেতে হবে, যদি শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে হারায় এবং জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে- সবার পয়েন্ট হবে ৬, আয়ারল্যান্ডের হবে ২।

ছয় পয়েন্ট নিয়েও সুপার এইটে ওঠার জন্য অন্যদের ফলের দিকে তাকাতে হবে অস্ট্রেলিয়াকে: শ্রীলঙ্কাকে হারতে হবে জিম্বাবুয়ের কাছে কিংবা জিম্বাবুয়েকে আয়ারল্যান্ডের কাছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া ছাড়া আর কেবল একটি দল ছয় পয়েন্ট নিয়ে শেষ করবে।
আজ (সোমবার) শ্রীলঙ্কার কাছে হেরেও অস্ট্রেলিয়া টিকে থাকবে। কিন্তু তাদের শেষ আটে ওঠার পথ কঠিন হয়ে যাবে: চার পয়েন্ট নিয়েও সুযোগ থাকবে (ওমানের বিপক্ষে জয় বিবেচনায়)।
সেই ক্ষেত্রে জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে বাকি দুটি ম্যাচ হারতে হবে। তখন শ্রীলঙ্কার হবে আট পয়েন্ট এবং অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সমান চারটি করে পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের জন্য লড়বে।
শ্রীলঙ্কা
ম্যাচ: ২, পয়েন্ট: ২, নেট রান রেট: ৩.১২৫; ম্যাচ বাকি: বনাম অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই সুপার এইটে শ্রীলঙ্কা। এমনকি হারলেও তাদের সুযোগ থাকবে, যদি তারা জিম্বাবুয়েকে হারায় এবং পরে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাছে হারে কিংবা অস্ট্রেলিয়াকে ওমান হারায়। এমন কিছু না হলে ছয় পয়েন্ট নিয়ে তিন দলের লড়াই হবে।
শ্রীলঙ্কা যদি দুটি ম্যাচই হেরে যায়, জিম্বাবুয়ে উঠে যাবে পরের রাউন্ডে এবং চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কাকে সুযোগ করে দিতে অস্ট্রেলিয়াকে ওমানের কাছে হারতে হবে।
জিম্বাবুয়ে
ম্যাচ: ২, পয়েন্ট: ২, নেট রান রেট: ১.৯৮৪; ম্যাচ বাকি: বনাম আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা।
আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে উঠে যাবে সুপার এইটে। কিন্তু শ্রীলঙ্কার কাছে হার এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে ছয় পয়েন্ট নিয়ে লড়াই হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সঙ্গে।
জিম্বাবুয়ে দুটি ম্যাচই হারলেও সুযোগ থাকবে, যদি অস্ট্রেলিয়া বাকি দুটি ম্যাচের মধ্যে একটির বেশি না জেতে।
আয়ারল্যান্ড
ম্যাচ: ৩, পয়েন্ট: ২, নেট রান রেট: ০.১৫০; ম্যাচ বাকি: বনাম জিম্বাবুয়ে।
আয়ারল্যান্ডের সুযোগ একেবারেই কম। যদি তারা জিম্বাবুয়েকে হারায় এবং চার পয়েন্ট নিয়ে শেষ করে এবং যদি কেবল আর একটি দল চারের বেশি পয়েন্ট নিয়ে শেষ করে।
যেমন যদি শ্রীলঙ্কা বাকি দুটি ম্যাচ জেতে এবং ৮ পয়েন্ট নিয়ে শেষ করে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ওমানকে হারিয়ে চার পয়েন্ট পাবে এবং আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের সঙ্গে সমান পয়েন্টে লড়াই হবে।
যদি জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারায়, তাহলে তিন দলের সমান পয়েন্টের লড়াই কেবল তখনই হবে, যদি অস্ট্রেলিয়া ওমানের কাছে হেরে যায়। অস্ট্রেলিয়া শেষ দুটি ম্যাচ জিতলে আয়ারল্যান্ড বাদ যাবে: শ্রীলঙ্কা কিংবা জিম্বাবুয়ের থাকবে সমান ৬ পয়েন্ট।
আরআই/টিকে