হারের দায় কার ঘাড়ে চাপালেন পাকিস্তান অধিনায়ক
ছবি: সংগৃহীত
১২:৩৬ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান শিবিরে হতাশার ছায়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমান আলী আঘা স্পষ্টভাবেই পরাজয়ের দায় ব্যাটিং বিভাগের ওপর চাপিয়েছেন। তাঁর মতে, পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট হারানোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে।
জবাবে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। ফলে ৬১ রানের বড় ব্যবধানে হার মেনে নিতে হয় আগার দলকে।
ম্যাচ শেষে আগা বলেন, ‘পাওয়ারপ্লেতে ৩-৪টি উইকেট পড়ে গেলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। আমরা ভালো শুরু পাইনি, যা আমাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।’
তিনি আরো জানান, চারজন স্পিনার নিয়ে নামলেও তারা প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি।

অধিনায়কের মতে, দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা সহজ হয়ে উঠেছিল। কিন্তু বোলাররা পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেননি, আর ব্যাটাররাও প্রয়োজনীয় দায়িত্বশীলতা দেখাতে ব্যর্থ হয়েছেন। ভারতের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এমন ম্যাচে মানসিক দৃঢ়তার গুরুত্বও তুলে ধরেন তিনি।
‘এ ধরনের স্নায়ুচাপের ম্যাচে চাপ সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ,’ বলেন আগা।
এই হারের ফলে সুপার এইট পর্বে ওঠার লড়াইয়ে এখন কঠিন সমীকরণের মুখে পাকিস্তান। বুধবার নামিবিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে জিততেই হবে তাদের। সেই ম্যাচে হারলে বা নামিবিয়া চমক দেখালে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে।
টিজে/টিকে