পাকিস্তান দলে ৩ খেলোড়ারের অবসর চান ইউসুফ
ছবি: সংগৃহীত
০১:০৪ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান দলে পরিবর্তনের দাবি তুলেছেন সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, টি-টোয়েন্টি সংস্করণে অভিজ্ঞ তিন ক্রিকেটারকে সরিয়ে নতুনদের সুযোগ দেয়ার সময় এসেছে।
কলম্বোয় রোববার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হারে পাকিস্তান। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানে গুটিয়ে যায় সালমান আলী আঘার দল। ম্যাচজুড়ে ব্যাট-বল, দুই বিভাগেই পিছিয়ে ছিল তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউসুফ লেখেন, 'শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে দরকার নতুন পারফরমার, দুর্বল দলের বিপক্ষে অর্থহীন জয় নয়।'
ম্যাচটি ছিল বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান, তিনজনের জন্যই হতাশার। বাঁহাতি পেসার আফ্রিদি দুই ওভারে ৩১ রান দিয়ে নেন একটি উইকেট, সেটিও ইনিংসের শেষ বলে।
লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব এক ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। পরে ব্যাট হাতে ১৫ বলে করেন ১৪ রান। অন্যদিকে চার নম্বরে নেমে বাবর সাত বলে করেন ৫ রান, বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে মারতে গিয়ে বোল্ড হন।
টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। ৩১ বছর বয়সী এই ব্যাটার ও সাবেক অধিনায়ক মাঝেমধ্যে দল থেকেও বাদ পড়েছেন। ইউসুফের মন্তব্যে তাই নতুন করে আলোচনায় উঠেছে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ পরিকল্পনা।
আরআই/টিকে