দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী আটক
ছবি: সংগৃহীত
০৪:৪৪ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ইউক্রেনের একজন সাবেক জ্বালানিমন্ত্রীকে দেশত্যাগের চেষ্টার সময় আটক করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্নীতির দায়ে পদত্যাগের পর দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো।
ইউক্রেন ছেড়ে যাওয়ার সময় তাকে ট্রেনে আটক করা হয়েছিল বলে জানা গেছে। তিনি কোথায় ভ্রমণ করতে চেয়েছিলেন তা স্পষ্ট নয়।
ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী ব্যুরো (নাবু) রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নাবু এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রমের সময় ‘মিডাস’ মামলার অংশ হিসেবে সাবেক জ্বালানিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে গালুশচেঙ্কোর নাম সরাসরি উল্লেখ না করা হলেও, গত বছর তিনি জ্বালানিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং নভেম্বরে পদত্যাগ করেন।
২০২৫ সালে জ্বালানি খাতে অর্থপাচারের একটি চক্র উন্মোচনের পর গালুশচেঙ্কোসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তদন্তকারীদের ধারণা, এই চক্রটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ এক সহযোগীর মাধ্যমে পরিচালিত হয়েছিল।
ইউক্রেনের বিশেষ দুর্নীতিবিরোধী প্রসিকিউটর দপ্তর (এসএপিও) জানিয়েছে, কথিত ১০০ মিলিয়ন ডলারের এই কেলেঙ্কারির মূল পরিকল্পনাকারী ছিলেন ব্যবসায়ী তাইমুর মিনডিচ। তদন্তে বলা হয়েছে, গালুশচেঙ্কো জ্বালানি খাতে অবৈধ অর্থপ্রবাহ ব্যবস্থাপনায় মিনডিচকে সহায়তা করেন। একই সঙ্গে এনার্জোট্যামের সঙ্গে কাজ করা ঠিকাদারদের চুক্তি বাতিল বা বিল পরিশোধে বিলম্ব এড়াতে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ দিতে বাধ্য করা হতো।
গালুশচেঙ্কো সংক্ষিপ্ত সময়ের জন্য বিচারমন্ত্রী ছিলেন, নভেম্বরে জেলেনস্কি যখন তাকে পদত্যাগ করতে বলেছিলেন তখন তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তার আগে তিন বছর জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার উত্তরসূরি, স্বিতলানা হ্রিঞ্চুকও কেলেঙ্কারিতে জড়িত থাকায় পদত্যাগ করেছিলেন।
নাবু গালুশেঙ্কোর আটকের বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে বলেছেন, তারা যথাসময়ে আপডেট জানাবেন। রেডিও ফ্রি ইউরোপ জানিয়েছে, সীমান্তরক্ষীরা তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য কিয়েভে নিয়ে হচ্ছে।
সূত্র : বিবিসি
আইকে/টিএ