'আমি কি পরিবারের কাছেও যেতে পারব না' প্রশ্ন বুলবুলের
ছবি: সংগৃহীত
০৬:৫৭ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
পারিবারিক কাজে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যদিও বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে গণমাধ্যমকর্মীদের একাংশের দিক থেকে। অসহায় কণ্ঠে বুলবুল তাই বলতে বাধ্যই হলেন, 'আমি কি পরিবারের কাছেও যেতে পারব না?'
বুলবুলের দেশ ছেড়ে যাওয়ার খবরকে একটু অতিরঞ্জিত করেই উপস্থাপন করা হচ্ছে কোথাও কোথাও। বিষয়টিতে মনঃক্ষুণ্ণ সাবেক এই অধিনায়ক। ব্যাংককে ট্রানজিটে থাকাকালে দেশের একটি গণমাধ্যমের কাছে প্রকাশ করলেন হতাশা।
বুলবুল বলেন, 'এখন আমি থাইল্যান্ড আছি। আমার পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। সেখানে একটা জরুরী কাজ আছে। আমি কি পরিবারের কাছেও যেতে পারব না?'
বুলবুল জানান, জরুরী পারিবারিক কাজে দেশ ছাড়ার আগে তিনি বোর্ডের পরিচালকদের কাজের ব্যাপারে দিকনির্দেশনা দিয়ে এসেছেন। এমনও বলেছেন, যেকোনো প্রয়োজনে তাকে অনলাইন পাওয়া যাবে। আসন্ন রোজার শুভেচ্ছাও জানান সেই বার্তায়।
বুলবুল দেশের একটি গণমাধ্যমকে বলেন, 'আমি তো অফিসিয়ালি ম্যাসেজ দিয়েও এসেছি, সবসময় আমি একটিভ আছি, আমাকে বোর্ডের যেকোনো কাজে পাওয়া যাবে।'
কয়েকটি রোজা অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে করে সপ্তাহখানেক পরই দেশে ফিরে আসার কথা রয়েছে বিসিবি সভাপতির। তিনি বলেন, 'কয়েকটি রোজা করেই আবার দেশে চলে আসব।'
এসএস/টিএ