© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী আটক

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫২ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ইশতেহারের দোহাই দিয়ে ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিপুল পরিমাণ ছাপানো অবৈধ ফ্যামিলি কার্ডসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন রাসেল ওরফে জিলানী এবং তার স্ত্রী হাসিনা।

ভুক্তভোগীরা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনই রাসেল ও তার স্ত্রী কাশিপুর ইউনিয়নের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় প্রচার শুরু করেন। তারা নিজেকে ‌‘বিএনপি কর্মী’ পরিচয় দিয়ে ‘জিসান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সহজ-সরল নারীদের কাছে টাকার বিনিময়ে ভুয়া ফ্যামিলি কার্ড বিক্রি করেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে তারা কমপক্ষে ৩০০ পরিবারের কাছে ৫০ টাকা দরে একেকটি কার্ড বিক্রি করেছেন।

তারা প্রতিশ্রুতি দিয়েছিল, এই কার্ড দেখালে প্রতিমাসে এক হাজার ২৮৫ টাকায় চাল, ডাল, তেল, মাংসসহ বিভিন্ন পণ্য কেনা যাবে। সোমবার সকালে তাদের ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা ছিল। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হলেও কার্ড ক্রেতারা পণ্য পাননি। একপর্যায়ে তারা বুঝতে পারেন তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। পরে ভুক্তভোগী নারীরা একত্রিত হয়ে অভিযুক্ত জিলানীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

জুলেখা বেগম নামের ফ্যামিলি কার্ডের একজন ক্রেতা বলেন, ‘আমাদের বলা হয়েছিল সরকারিভাবে কোম্পানি থেকে এসব কার্ড দেওয়া হচ্ছে। আমরা সকাল ১০টা থেকে অপেক্ষা করছি। কার্ড দেবে বলে বসিয়ে রাখে। পলে তাকে ফোন দিলে ফোনও ধরেনি।’

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, ‘রাসেল ওরফে জিলানি নামে কাউকে আমি চিনি না। সে আমাদের দলের কেউ না। যে এই ফ্যামিলি কার্ড বিক্রি করছে, নিঃসন্দেহে সে একজন প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। আমরা দলের ভাবমূর্তি নষ্ট হতে দেবো না।’

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, অভিযুক্ত রাসেল ওরফে জিলানী এবং তার স্ত্রী হাসিনাকে আটক করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ বিপুল পরিমাণ ছাপানো অবৈধ ফ্যামিলি কার্ডসহ তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ইউটি/টিএ

মন্তব্য করুন