‘ফাহিমকে ফিল্ডিং অলরাউন্ডার বানিয়ে ফেলেছে পাকিস্তান’
ছবি: সংগৃহীত
১০:৩১ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দৌড়ে টিকে থাকলেও এখনো পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পারছে না পাকিস্তান। নেদারল্যান্ডের বিপক্ষে হারতে হারতে জিতেছে তারা। সেই ম্যাচে দুর্দান্ত এক ক্যামিওতে পাকিস্তানের জয়ে বড় অবদান রাখেন ফাহিম আশরাফ। তবে এরপর আর সেভাবে পারফর্ম করার সুযোগ পাননি তিনি।
মূলত একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই খেলেন ফাহিম। কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচেও তাকে বোলিং করায়নি পাকিস্তান! ব্যাট হাতে ডাচদের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেললেও এর পরের ম্যাচগুলোতে লোয়ার মিডল অর্ডারে খেলতে হয়েছে তাকে। ফলে ফাহিমকে একাদশে রাখার কোনো প্রয়োজনীয়তাই দেখছেন না পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।
জিও নিউজের বিশেষ অনুষ্ঠান ‘হারনা মানা হে’-তে আমির বলেন, 'আপনারা ফাহিমকে এখন ফিল্ডিং অলরাউন্ডার বানিয়ে ফেলেছেন। তাকে না দেওয়া হচ্ছে বোলিং, না সে পাচ্ছে পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ-তাহলে সে কেন খেলছে? সে যদি বোলিংই না করে, তাহলে তো ফাখারকেই খেলানো যায়।'

পাকিস্তানের পেস লাইন আপের নেতৃত্বে থাকা শাহিন আফ্রিদি ফর্মে নেই। বিশ্বকাপে কোনো ম্যাচেই নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ফলে অভিজ্ঞ হলেও আফ্রিদিকে একাদশে রাখার প্রয়োজনীয়তা দেখছেন না আমির।
তিনি বলেন, 'আমি বেশ কিছুদিন ধরেই বলছি যে, সালমান মির্জা ছন্দে থাকা বোলার, প্রথম ম্যাচ খেলে সে পারফর্ম করছে। প্রতিটি সিরিজে, যখনই সুযোগ পায় সে ভালো করে। শাহিন এই বিশ্বকাপে পারফর্ম করছে না, অনেক দিন ধরেই সে প্রভাব রাখার মতো পারফরম্যান্স দেখাতে পারছে না।'
'কাউকে অসম্মান করে বলছি না, সে (আফ্রিদি) খুবই ভালো বোলার, তবে দিন শেষে পারফরম্যান্সই আসল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে শাহিন প্রভাব রেখেছে, এছাড়া তার খেলা আইসিসি আসরের পারফরম্যান্স বের করুন, আমাকে একটা আইসিসি আসর দেখান যেখানে সে প্রভাববিস্তারি পারফরম্যান্স করেছে, তাহলে আমি মেনে নেব।'-যোগ করেন তিনি।
এসএস/টিএ