© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি ভদ্রলোকের দল, আমরা কখনোই আ. লীগকে অনুসরণ করব না: মেজর হাফিজ

শেয়ার করুন:
বিএনপি ভদ্রলোকের দল, আমরা কখনোই আ. লীগকে অনুসরণ করব না: মেজর হাফিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৪ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি ভদ্রলোকের দল। আমরা কখনোই আওয়ামী লীগকে অনুসরণ করব না বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। বাংলাদেশের গণতন্ত্র যেন আর কখনোই বিঘ্নিত না হয়, সে চেষ্টা করব। নতুন-পুরোনো মিলে গঠিত নতুন মন্ত্রিসভা জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে বলে আশা করছি।”

মানুষ এখন শান্তিতে থাকতে পারবে প্রত্যাশা করে তিনি বলেন, “এখন ঘরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারবেন মানুষ। গভীর রাতে ঠকঠক করে এসে কেউ ডেকে নিয়ে যাবে না। গুমের শিকার হবেন না। সকালবেলা পেট কেটে সিমেন্টের ব্যাগ ভরে নদীতে ভাসিয়ে দেবে না। কারণ বাংলাদেশে মাফিয়াতন্ত্র নেই। শেখ হাসিনা বিদায় হয়েছে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের।”

ভোলা-৩ আসনের সাতবারের এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তৃতীয়বারের মতো মন্ত্রী হয়েছেন। এর আগে তিনি দুবার বাণিজ্য প্রতিমন্ত্রী, পাট ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এসএস/টিএ

মন্তব্য করুন