© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি, দাবি ভারতীয় গণমাধ্যমের

শেয়ার করুন:
ভারত থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি, দাবি ভারতীয় গণমাধ্যমের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
এবার ভারত থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ভারতেরই গণমাধ্যম। বাংলাদেশের সাথে দূরত্ব আর পাকিস্তানের সাথে চিরায়ত বৈরিতার জেরে ভারতে পরবর্তী আইসিসি ইভেন্ট দেওয়ার ক্ষেত্রে হয়ত একটু হিসেবনিকেশেই বসতে হবে আইসিসিকে। 

অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ঢালাওভাবে দাবি করছে, চ্যাম্পিয়ন্স ট্রফি এমনকি বিশ্বকাপ আয়োজনেরও দায়িত্ব হারাতে পারে ভারত। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে ভারত বা পাকিস্তানে খেলা হলে হাইব্রিড মডেল অনুসরণ করতে হচ্ছে। এতে লজিস্টিক সমস্যা তৈরি হচ্ছে। আবার বাংলাদেশ এবারের বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গোটা বিশ্বেই ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং ভেন্যু হিসেবে গ্রহণযোগ্যতা কমেছে।

২০২৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ভারতে। সেই আসর নাকি অন্য কোথাও সরিয়ে নেওয়া হতে পারে। আবার ২০৩১ সালে বাংলাদেশের সাথে মিলে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা বিসিসিআইয়ের। সেই আসরও ভারতে হয় কি না তা নিয়ে নাকি সংশয় রয়েছে।



যদিও ভারতের গণমাধ্যমের এসব খবর কতটা যৌক্তিক, সে উত্তর হয়ত সহসাই জানা যাবে না। তবে বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট যে ক্রীড়া দুনিয়ায় ভারতকে বড় ধাক্কা দিয়েছে, তা নিয়ে কোনো সংশয় নেই।

এদিকে ভারত নিকট ভবিষ্যতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশা প্রকাশ করছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিসিআইর সহ-সভাপতি রাজিব শুক্লা বলেন, 'আমাদের বৈঠকে বাংলাদেশকে নিয়ে আলাপ হয়েছে। সেখানে আমরা ভেবেছি বাংলাদেশে একটি আন্তর্জাতিক ক্রিকেট আসর করার। বাংলাদেশ আমাদের বন্ধু, বাংলাদেশ আমাদের মিত্র।'

বাংলাদেশে নতুন সরকার গঠন, এদিকে ক্রিকেট কূটনীতিতে বিসিবি ও পিসিবির অবস্থান, অন্যদিকে ভারত, বিসিসিআই ও আইসিসির নমনীয়তা- সব মিলে সামনে যেন ক্রিকেট কূটনীতিতে বড় পরিবর্তনের আভাসই পাওয়া যাচ্ছে। 

এমআই/এসএন

মন্তব্য করুন