রাজপালকে টাকা দিয়ে কী হয়েছিল? অবশেষে মুখ খুললেন অভিযোগকারী মাধব আগারওয়াল
ছবি: সংগৃহীত
০২:১০ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেতা রাজপাল যাদব এর বিতর্কিত আর্থিক বিষয়ে অবশেষে মুখ খুললেন অভিযোগকারী ব্যবসায়ী মাধব আগারওয়াল। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবির জন্য মাধবের কাছ থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন রাজপাল। তিনি দাবি করেছিলেন, অবিলম্বে অর্থ না পেলে ছবি তৈরি হবে না এবং ইতিমধ্যেই খরচ হয়ে যাওয়া অর্থও ক্ষতিগ্রস্ত হবে।
মাধব আগারওয়াল জানান, তিনি ছবিতে বিনিয়োগ করেননি, বরং ঋণ হিসাবেই অর্থ দিয়েছিলেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজপাল, কিন্তু সময় শেষ হলেও টাকা ফেরত পাননি মাধব। এরপর তিনি সরাসরি রাজপালের বাড়িতে গিয়ে নিজের পাওনা টাকা চাইতে থাকেন। মাধবের কথায়, “রাজপালের সামনে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ি। অন্য জায়গা থেকে ঋণ নিয়ে ওঁকে সাহায্য করি, যাতে আমি আমার পাওনাদারদের টাকা মিটিয়ে দিতে পারি।”

৫ কোটি টাকা ফেরত না পাওয়ার পরও মাধব আর্থিক সাহায্য বন্ধ করেননি। রাজপালের স্ত্রী রাধা যাদব আবেগপ্রবণ মেসেজ পাঠিয়ে আরও অর্থ চেয়েছিলেন। সেই অনুযায়ী মাধব আরও কিছু টাকা দিয়েছিলেন। তবে ছবির বক্সঅফিস ব্যর্থ হওয়ায় এবং রাজপাল কর্তৃক প্রদত্ত চেক বাউন্স হওয়ায়, মাধব আইনের সাহায্য নিতে বাধ্য হন।
রাজপাল যাদবের এই আর্থিক বিতর্ক এবং ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কিত ঘটনা বলিউডে যথেষ্ট আলোচনার সৃষ্টি করেছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অভিযোগকারী মুখ খোলায় সমগ্র পরিস্থিতি স্পষ্ট হয়েছে, যা ছবির প্রেক্ষাপট, অভিনেতার ব্যক্তিগত আর্থিক দায়িত্ব ও শিল্পকলার প্রতি দায়বদ্ধতা নিয়ে নতুন দৃষ্টিকোণ উন্মোচন করেছে।
পিআর/এসএন