© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাশরাফি ও সাকিবের ব্যাপারে নমনীয় আমিনুল

শেয়ার করুন:
মাশরাফি ও সাকিবের ব্যাপারে নমনীয় আমিনুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পল্লবীতে নিজের বাসভবনে প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার ভারতের সঙ্গে বিদ্যমান ইস্যুর সুরাহা করতে চায়। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা বিএনপি সরকারের লক্ষ্য। নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ভারতে চলমান টি ২০ বিশ্বকাপে খেলছে না। আমিনুল বলেন, ‘শপথ গ্রহণের পর আমি সংসদ ভবনে ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে টি ২০ বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি, আলোচনার মাধ্যমে দ্রুত আমরা এই সমস্যার সমাধান করতে চাই।’

তিনি জানান, ‘কূটনৈতিক জটিলতার কারণে আমরা বিশ্বকাপে খেলতে পারিনি।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসানের ব্যাপারে নমনীয় ও সহনশীল হবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার বিকালে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে নিজের বাসায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে, সেটা দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব-মাশরাফি যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’ সাকিব ও মাশরাফি দুজনের বিরুদ্ধেই হত্যা মামলা আছে। সাকিবের নামে কয়েকটি দুর্নীতির মামলাও হয়েছে।

সাকিবকে দেশে ফেরাতে সম্প্রতি তোড়জোড় শুরু করেছে বিসিবি। এ নিয়ে আমিনুল বলেছেন, আমরা চাই, যে মামলাগুলো হয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।

আমিনুল প্রথমে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়ন, প্রতিভা বিকাশ, গ্রাসরুট পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়া নিয়ে তার ভাবনা কী, জানান।



এরপর প্রশ্নোত্তর পর্ব। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর সাংবাদিকদের ছোট ছোট জটলা।

কেউ অভিনন্দন জানান, কেউ বাড়তি প্রশ্ন করেন। তিনি একই সুরে বলেন, ‘আমি মন্ত্রী হয়েছি বা যা-ই হয়েছি, আপনাদের সেই আমিনুলই আছি এবং থাকব। সবার পরামর্শ ও সহযোগিতায় ক্রীড়াঙ্গন ও দেশ এগিয়ে নিতে চাই।’

এদিকে তার কার্যালয়ের বাইরে তখন জনসমুদ্র। মিরপুর-পল্লবীর বাসিন্দা, স্থানীয় ক্রীড়া সংগঠক, সমর্থকরা শুভেচ্ছা জানাতে ভিড় করেন।

দ্বিতীয়তলার বারান্দা থেকে মাইকে সবার উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন, দোয়া করেছেন। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি তা যথাযথ পালন করব। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা।’

টিজে/এসএন

মন্তব্য করুন