© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা

শেয়ার করুন:
বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৮ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
শ্রীলঙ্কার ডেথ ওভার স্পেশালিস্ট মাথিশা পাথিরানা টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। দেশটির সর্বোচ্চ গতির পেসার টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না। বিষয়টি শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কাস্বরূপ।

পাথিরানার ছিটকে যাওয়ার ব্যাপারটি ঘুরিয়ে-পেচিয়ে নিশ্চিত করেছেন ব্যাটিং কনসাল্টেন্ট বিক্রম রাঠোর। গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে। তার আগে আজ হওয়া সংবাদ সম্মেলনে পাথিরানার বিষয়টি বলেন রাঠোর।



এই ভারতীয় বলেন, ‘আমার মনে হয় তাকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য আনফিট ঘোষণা করা হয়েছে। যদি পুরোপুরি ছিটকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে খুব শিগগিরই সে খবর প্রকাশিত হবে। আর বদলি খেলোয়াড়ের বিষয়ে এখনও আলোচনা চলছে।’

সোমবার (১৬ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম ওভারের চতুর্থ বলটি করার সময় ফলো থ্রুতে হঠাৎ থমকে যান পাথিরানা। সেটি ছিল ম্যাচের তৃতীয় ওভার। বল ছোড়ার পরই বাম পা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর মাঠেই তাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। পরে অধিনায়ক দাসুন শানাকা বাকি দুই বল করে ওভার সম্পন্ন করেন। পাথিরানা এরপর পুরো ইনিংসেই আর মাঠে ফিরতে পারেননি।

পরীক্ষার পর জানা যায় পাথিরানার মাংসপেশিতে চোট পেয়েছেন। সুস্থ হতে অন্তত কয়েক সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে আইপিএল নিয়ে শঙ্কায় পড়তে হচ্ছে না তাকে। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। লঙ্কান পেসারকে ১৮ কোটি রুপিতে দলে নিয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

৩ ম্যাচ খেলেই সুপার এইট নিশ্চিত করে ফেলা শ্রীলঙ্কা এখনও পাথিরানার বদলি ঘোষণা করেনি। ক্রিকইনফো বলছে, দিলশান মদুশান, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা বিবেচনায় আছেন। এদের মধ্যে একজন সুপার এইটের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন। ২২ ফেব্রুয়ারি তাদের সুপার এইট যাত্রা শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

এমআর/টিএ 

মন্তব্য করুন