আলভারেজকে দলে ভেড়ানোর দৌড়ে ৩ ইংলিশ জায়ান্ট, পছন্দ বার্সেলোনা
ছবি: সংগৃহীত
০৭:০১ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল সামনে রেখে ব্যাপক আলোচনায় হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, আর্সেনাল ও চেলসির পাশাপাশি এবার তাঁকে দলে ভেড়ানোর দৌড়ে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
গত দুই মৌসুম ধরে আতলেতিকো মাদ্রিদে খেলছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। দিয়েগো সিমিওনের অধীনে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করে দারুণ পারফরম্যান্স দেখালেও চলতি মৌসুমে কিছুটা ছন্দ হারিয়েছিলেন। তবে গত সপ্তাহে কোপা দেল রে ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ৪–০ জয়ের ম্যাচে মৌসুমের ১২তম গোল করে দীর্ঘ ১১ ম্যাচের গোলখরা কাটান তিনি।
এর আগে ম্যানচেস্টার সিটিতে দুই মৌসুমে ৩৬ গোল করেছিলেন আলভারেজ এবং জিতেছিলেন দুটি লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ। তবু নিয়মিত খেলার সুযোগের খোঁজেই ইংল্যান্ড ছাড়েন তিনি।
গত গ্রীষ্মে আর্সেনাল দলে ভেড়ায় ভিক্টর জিওকারেসকে, যিনি স্পোর্টিং সিপি থেকে এসেছিলেন। মৌসুমের শুরুটা মিশ্র হলেও নতুন বছরের পর গোল পাচ্ছেন তিনি। তবু আক্রমণভাগে আরও শক্তি বাড়াতে নতুন স্ট্রাইকার খোঁজার আলোচনা চলছে ক্লাবটিতে।
চেলসিও গত মৌসুমে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করে হোয়াও পেদ্রো ও লিয়াম ডেলাপকে দলে নিলেও নতুন ফরোয়ার্ড নেওয়ার পরিকল্পনা রাখছে।

ম্যানচেস্টার ইউনাইটেড ৭৪ মিলিয়ন পাউন্ডে স্ট্রাইকার বেনজামিন সেসকো দলে ভেড়ায়। সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতি দেখালেও ক্লাবটির আগ্রহ কমেনি। সাবেক কোচ রুবেন আমোরিম বিদায়ের পর দল গঠনে নতুন পরিকল্পনা করছে তারা।
একাধিক ক্লাবের আগ্রহ সম্পর্কে অবগত আলভারেজ নিজে নাকি স্পেনে থাকতে আগ্রহী। স্প্যানিশ সূত্রের দাবি, আতলেতিকো ছাড়তে হলে তাঁর ‘প্রথম পছন্দ’ বার্সেলোনা। তবে দুই লা লিগা প্রতিদ্বন্দ্বীর মধ্যে চুক্তি হওয়া কঠিন- একদিকে প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড বাজারমূল্য।
এই জল্পনার মাঝেই আতলেতিকো কর্তৃপক্ষ নতুন চুক্তির প্রস্তাব দিয়ে তাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে চাইছে। যদিও তার বর্তমান চুক্তি ২০৩০ সাল পর্যন্ত বৈধ।
সাবেক আর্সেনাল ও চেলসি মিডফিল্ডার এমানুয়েল পেতি মনে করেন, আলভারেজকে দলে আনতে পারলে সেটি হবে বড় বার্তা।
তাঁর ভাষায়, ‘সে গোল করতে পারে, অ্যাসিস্ট দিতে পারে, ব্যক্তিত্ব আছে, বুদ্ধিমান মুভমেন্ট আছে- ইউরোপের সেরা ক্লাবগুলোর জন্য প্রয়োজনীয় সব গুণ তার মধ্যে আছে। সে সিটি ছেড়েছিল নিয়মিত খেলার জন্য। তবে পেপ গার্দিওলা নিশ্চয়ই তাকে আবার দলে পেলে খুশি হতেন।’
এসকে/টিএ